আজ ২৬ অক্টোবর ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির জন্মদিন। বিশেষ এই দিনটির প্রথম প্রহর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরে নিজের ভেরিফায়ার্ড পেজে একটি আকর্ষক ও গ্ল্যামারাস ভিডিও শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন এই নায়িকা।
ভিডিওটিতে দেখা গেছে এক রাজকীয় ও নান্দনিক আয়োজন। টেবিলজুড়ে জ্বালানো লম্বা সাদা মোমবাতি এবং মোমবাতির স্ট্যান্ডে ঝুলানো মুক্তার মালায় এক অন্যরকম পরিবেশ তৈরি করা হয়েছে। হালকা নীল রঙের স্টাইলিশ খোলা গাউন, পরিপাটি করে বাঁধা খোপা, মানানসই মেকআপ এবং হাতের নজরকাড়া ঘড়িতে দীঘিকে বেশ আত্মবিশ্বাসী ও আবেদনময়ী রূপে দেখা গেছে। ৩০ সেকেন্ডের এই ভিডিওর বিভিন্ন ফ্রেমে কখনো তাকে হাতে সূর্যমুখী ও গোলাপের বিশাল ফুলের তোড়া ধরে পোজ দিতে, আবার কখনো মোমবাতি ফুঁ দিয়ে নিভাতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কিছুই না, এটা শুধু আমার জন্মদিন।’
ছোটপর্দার সেই মিষ্টি শিশুশিল্পী থেকে আজকের ঢাকাই ছবির নায়িকা হয়ে ওঠার দীঘির এই পথচলা ভক্তদের কাছে বেশ পরিচিত। তাই তার জন্মদিনের এই নতুন ও গ্ল্যামারাস রূপ দেখে পুরোনো স্মৃতি হাতড়ে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। কমেন্ট বক্সে নানা ধরনের ইতিবাচক মন্তব্যের পাশাপাশি ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।