Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ৪ নারীকে ৬ মাসের কারাদণ্ড

 স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ১২:০৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৪:০৫

সাজাপ্রাপ্ত ৪ নারী।

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণ চুরির চেষ্টাকালে চার নারীকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত আটক চার নারীকে ছয় মাস করে কারাদণ্ড দেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এই তথ্য জানিয়েছেন।

আটক নারীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার একতারপুর গ্রামের মর্তুজা বেগম (৬৫) এবং নাসিরনগর উপজেলার বীরমঙ্গল গ্রামের রুনা বেগম (২২), শাহনাজ বেগম (৬২) ও বুশরা বেগম (৩০)।

নাজমুস সাকিব বলেন, হাসপাতালটিতে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটায় রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তায় বিশেষ সতর্কতা অবলম্বন করছিলেন দায়িত্বরত আনসার সদস্যরা। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের ভেতরে চার নারীর সন্দেহজনক গতিবিধি নজরে এলে তারা বিষয়টি ক্যাম্পের দায়িত্বরত প্লাটুন কমান্ডারকে জানান। পরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখকে অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় এক রোগীর গলা থেকে স্বর্ণ চুরির চেষ্টাকালে চার নারীকে হাতেনাতে আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, আটক চার নারীকে প্রথমে থানায় হস্তান্তর করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেন।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপ, চুরির চেষ্টা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি জানান।

 

 

 

সারাবাংলা/এমএইচ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর