Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর

ঢাবি করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ১৩:৩৬

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১ নভেম্বর সকাল ৮টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইনে আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট convocation.du.ac.bd-এর মাধ্যমে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম-এর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তনে অংশগ্রহণের আবেদনপ্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রথম ধাপ সম্পন্ন করতে হবে। অনলাইনে পেমেন্ট সম্পন্ন করার শেষ সময় ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

বিজ্ঞাপন

আগামী ২৬ জানুয়ারি ২০২৭ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়া হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। এ ছাড়া ২০২২ সালের ১৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশিত যেসব পরীক্ষার ফলাফল ৫৩তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, সেগুলো ৫৪তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা হবে। সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটরাও এতে অংশ নিতে পারবেন।

এদিকে সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের প্রস্তুতি হিসেবে সম্প্রতি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন ও এ কে এম ফজলুল হক মিলনসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং দপ্তরপ্রধানরা উপস্থিত ছিলেন।

সমাবর্তন আয়োজনের জন্য একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। উপাচার্য সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।