Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২০ কোটি মানুষের স্বাস্থ্য তথ্যভান্ডার তৈরির উদ্যোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ১৩:৩৩

ঢাকা: দেশের প্রায় ২০ কোটি মানুষের সমন্বিত স্বাস্থ্য তথ্যভান্ডার তৈরি এবং ‘ই-হেলথ কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় হ্যাকাথনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তর, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জনবিষয়ক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়। ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সরকারি সফরে জাপানে রয়েছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা নিয়ে আলোচনা হচ্ছে। সফরকালে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও জ্বালানি সহযোগিতার বিষয়ও আলোচনায় আসতে পারে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১ নভেম্বর থেকে নির্ধারিত ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক হচ্ছে। প্রথমবার নিবন্ধন নিতে কোনো ফি লাগবে না; নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর। চলতি অর্থবছরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ দরিদ্র ও অতিদরিদ্র গ্রামীণ পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। পাশাপাশি ৩০০ উপজেলায় ভিটামিন ও খনিজসমৃদ্ধ চাল বিতরণ করা হচ্ছে।

জ্বালানি খাতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর আওতায় সরকার-টু-সরকার ব্যবস্থায় এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি আমদানি এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানে সহযোগিতার সম্ভাবনা রয়েছে। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আগামী ৩ ও ৪ নভেম্বর ঢাকায় ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে। এতে ৮০টির বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের কথা রয়েছে।

সড়ক নিরাপত্তায় ৩৯টি মন্ত্রণালয়ের প্রায় ৩০০ চালকের দৃষ্টিশক্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার ফল অনুযায়ী প্রয়োজনীয় চালকদের বিনামূল্যে চশমা দেওয়া হচ্ছে। উপকূলীয় এলাকার মানুষের চিকিৎসাসেবা সম্প্রসারণে ভাসমান হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্যভান্ডারে অন্তর্ভুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ৪১ লাখ পরিবারের যোগ্য নারী সদস্যকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরিবেশ খাতে প্লাস্টিক দূষণ কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ বাড়ানো এবং ২০২৬–২০৩৫ মেয়াদি সিসামুক্ত বাংলাদেশ গড়ার কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১ হাজার ১৭২টি প্রকল্পের জন্য বরাদ্দ ৩ লাখ ৮ হাজার ৯২৫ কোটি টাকা। সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ১২ হাজার ১৮ কোটি টাকা। একই সময়ে ই-জিপি পোর্টালে ১ হাজার ৫৬৩টি ক্রয়কারী সংস্থা এবং ১ লাখ ৬৪ হাজার ৪১৭ জন ব্যবহারকারী নিবন্ধিত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পুলিশের অভিযানে ৩১টি আগ্নেয়াস্ত্র, ১৬২ রাউন্ড গুলি, ৯ লাখ ৫৫ হাজার ৬৫২টি ইয়াবা, ১ কেজি ৮৫২ গ্রাম হেরোইন, ১ হাজার ৩০৬ বোতল ফেনসিডিল এবং ১ হাজার ২৫৩ কেজির বেশি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৩৬টি মামলা হয়েছে এবং ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া নারী ও শিশুর সুরক্ষা, শিশু দিবাযত্ন কেন্দ্রের অনলাইন পর্যবেক্ষণ, মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রাণিসম্পদের টিকাদান, সরকারি জমির তথ্য ডিজিটালাইজেশন, যুব উন্নয়ন, ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ এবং প্রতিরক্ষা খাতের বিভিন্ন কার্যক্রম ও অর্জনও ব্রিফিংয়ে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর