ঢাকা: আদালত অবমাননা মামলায় তিন মাসের কারাদণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের আপিল শুনানির জন্য আগামী ৩ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে সময়ের আবেদন করা হলে শুনানির দিন পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়। এর আগে, ২০১৮ সালে দেওয়া তিন মাসের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ।
মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমালোচনা করে বক্তব্য দেওয়ার অভিযোগে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন ট্রাইব্যুনাল। এরপর তিনি পলাতক ছিলেন।
পরে ওই বছরের ৯ জুন আদালত অবমাননার দায়ে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল। রায়ের পর ২৫ জুন তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন এবং কারাগারে যান। পরে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত থেকে জামিন পান তিনি। এবার ওই দণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।