Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে লরিচাপায় নারীসহ নিহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ১২:০৪

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় নিহত হয়েছেন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের পাঁচ যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়োকুমিরা এলাকায় কিং অব কুমিরা কনভেনশন হলের দক্ষিণপাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাসটি চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসটি থামানো হয়। এ সময় বাসের যাত্রীরা নেমে মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। তখন দ্রুতগতির একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দু’জন মারা যান।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে নেত্রকোনার ছয় বছর বয়সি শিশু ইব্রাহিম ও স্বপ্না নামের এক নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি বাস সড়কের পাশে দাঁড়ানো ছিল। গাড়িটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকামুখী একটি লরি সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং বাকি দু’জনকে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।’

বারো আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সার্জেন্ট শামীম আলম বলেন, ‘রাস্তার পাশে বাসের যাত্রীরা দাঁড়ানো অবস্থায় দ্রুতগামী লরি চাপা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যান। হতাহত হন অনেকে। ফায়ার সার্ভিসের সাহায্যে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর