Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাগর-রুনি হত্যা: তদন্তে অগ্রগতি প্রতিবেদন, ফের সময় চাইল টাস্কফোর্স

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ১১:২২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১২:১৬

সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি।

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় পাওয়া তথ্য যাচাই-বাছাই করছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স। এ কারণে তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে আরও সময় চেয়েছে বিশেষ এই তদন্ত দল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনের আগেই সময় চেয়ে আবেদন করেছে টাস্কফোর্স।

এ বিষয়ে দেওয়া অগ্রগতি প্রতিবেদনে তথ্য যাচাই-বাছাইয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে আদেশের জন্য রয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‍্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করে।

বিজ্ঞাপন

তবে নির্ধারিত সময় ৬ এপ্রিল উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি থাকায় এ বিষয়ে অগ্রগতি হয়নি। এরপর ২২ এপ্রিল, ২৩ অক্টোবর এবং চলতি বছরের ২৬ এপ্রিল রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন দফায় আরও ছয় মাস করে সময় দেওয়া হয়। এর ধারাবাহিকতায় মামলাসংক্রান্ত রিট আবেদনটি আবারও হাইকোর্টের কার্যতালিকায় ওঠে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি। সাগর সারওয়ার ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। পরদিন ভোরে বাসা থেকে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ সময় পার হলেও আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি।

 

 

 

বিজ্ঞাপন

রাউটার রাখার সঠিক জায়গা কোনটা
২৮ অক্টোবর ২০২৬ ১৩:৪১

আরো

সম্পর্কিত খবর