Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদক সিন্ডিকেট টিকে আছে রাজনৈতিক প্রশ্রয়ে: নাহিদ ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৬ ১৭:৩১

রাজবাড়ী: মাদক সিন্ডিকেট রাজনৈতিক প্রশ্রয় ছাড়া টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

তার অভিযোগ, আগে আওয়ামী লীগ মাদক সিন্ডিকেটকে প্রশ্রয় দিত, এখন বিএনপির নেতাকর্মীরা দিচ্ছেন।

বুধবার (২৮ অক্টোবর) রাজবাড়ী পৌরসভার পৌর মিলনায়তনে এনসিপি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘মাদকের সিন্ডিকেট স্থানীয় পর্যায়ের হোক কিংবা জাতীয় পর্যায়ের, রাজনৈতিক প্রশ্রয় ছাড়া তা টিকে থাকতে পারে না।’ মাদক নির্মূলে পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পুলিশ খুচরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেফতার করছে। কিন্তু মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তি এবং তাদের পেছনে থাকা রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে না। সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা না হলে মাদক নির্মূল সম্ভব হবে না।’

কক্সবাজারে মাদক চোরাচালানের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকায় মাদক চোরাচালান বন্ধ করা যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন। তার দাবি, মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত সরকারদলীয় নেতাকর্মীদের জবাবদিহির আওতায় আনতে হবে। অন্যথায় মাদক নির্মূল করা সম্ভব হবে না।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশ বাহিনী সংস্কারের কিছু উদ্যোগ নেয়া হলেও তা সম্পন্ন করা সম্ভব হয়নি।’ বর্তমান সরকারও পুলিশকে পুরনো কায়দায় ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, সরকারের সমালোচনা করায় এ পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। সরকার কর্তৃত্ববাদের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। সাংবাদিকদের হয়রানি ও মারধরের শিকার হতে হচ্ছে। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশও বাস্তবায়ন করা হয়নি। এ সময় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির আহ্বায়ক।

ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও হতাশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘ব্যাংকিং খাতে এখনো কোনো সংস্কার হয়নি। আশানুরূপ সংস্কার না হওয়ায় ব্যাংকব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন কমে যাচ্ছে।’

নাহিদ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা নেই। সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলে কয়েকশ মানুষ হতাহত হয়েছেন। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণ হয়েছে। ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সুস্পষ্ট প্রস্তাব দেওয়া হবে। সেই প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে।’

প্রধান বক্তা হিসেবে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম বিশেষ অতিথি হিসেবে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদিব, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ দক্ষিণ) আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল উপস্থিত ছিলেন।

সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা থেকে আসা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর