বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা আলোকস্বল্পতার কারণে দ্বিতীয়বারের মতো বন্ধ হলো। দিনের ৭৪ ওভার শেষে আলোকস্বল্পতার কারণে দ্বিতীয়বারের মতো খেলা বন্ধ ঘোষণা করেছেন আম্পায়াররা। সাদমান ইসলাম অনিকের একটু আক্ষেপ হওয়ারই কথা! বাংলাদেশ দলের ওপেনার যে অপরাজিত ৯৯ রানে!
প্রথম দিনে এখন পর্যন্ত বাংলাদেশ ভালো অবস্থানেই আছে। প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনের শুরুতে উইকেট হারানো বাংলাদেশ পরে আর উইকেট হারায়নি। দ্বিতীয় সেশনে অবশ্য ক্রাম্পের কারণে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন তাওহিদ হৃদয়। আগামীকাল সুস্থ্য হয়ে হৃদয়ের ব্যাটিং করার ভালো সম্ভবনা আছে।
এই মুহূর্তে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২১৩ রান। ৯৯ রানে অপরাজিত সাদমান ইসলাম অনিক। হৃদয় অসুস্থ অবস্থায় মাঠ ছাড়ার পর ক্রিজে নামা লিটন দাস ১০ রানে অপরাজিত।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকালে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। টেস্টেও মারকাটারি ব্যাটিং করে আলোচনায় আসা তরুণ ওপেনার তানজিদ তামিম আজ রয়েসয়ে এগুতে চেয়েছেন। তবে দেখেশুনে খেলার তার এই টেকনিক কাজে লাগেনি।
২৩ বল খেলে ৭ রান করে আউট হয়েছেন মিডঅফে ক্যাচ দিয়ে। তিনে নেমে মুমিনুল হক ক্রিজে জমে গিয়েছিলেন। কিন্তু ইনিংসটা লম্বা করতে পারেননি বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার। ফিরেছেন ৫১ বলে ২৮ রান করে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসে হাল ধরেন সাদমান ইসলামের সঙ্গে। কিন্তু শান্তও ক্রিজে সেট হয়েছেন বটে কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ। এলবিডব্লিউ হয়েছেন ৪২ বলে ১৯ রান করে।
তারপর তাওহিদ হৃদয়কে নিয়ে দলকে টানতে থাকেন সাদমান ইসলাম। মুশফিকুর রহিমের ইনজুরিতে আজ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন হৃদয়। আগের দিন আঙুলে চোট পেয়ে আজ ম্যাচ খেলতে নামতে পারেননি মুশফিকুর রহিম।
ক্যারিবিয়ান বোলারদের খুব একটা সুযোগ দেননি সাদমান-হৃদয়। চা বিরতির আগে চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি ৬৭ রানের। ১৬৭ বল খেলে ৮টি চারের সাহায্যে ৭৯ রানে অপরাজিত সাদমান। ৭৪ বল খেলে ৩টি চারের সাহায্যে ৩৬ রানে অপরাজিত ছিলেন হৃদয়।
চা বিরতির পরও বেশ ভালো খেলছিলেন দুজন। কিন্তু দুবার ক্রাম্পের শিকার হওয়া হৃদয় পরে মাঠ ছাড়তে বাধ্য হন দলীয় ১৯৮ রানের মাথায়। ৮৪ বলে ৩টি চারের সাাহয্যে ৪২ রান করার পর অসুস্থ হয়ে মাঠ ছাড়েন হৃদয়। হৃদয় মাঠ ছাড়ার খানিক পর আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়।
পরে আবারও খেলা শুরু হলেও খুব বেশি সময় খেলা পরিচালনা করতে পারেননি আম্পায়াররা। আবারও আলোকস্বল্পতা দেখা দিয়ে আবারও খেলা বন্ধ ঘোষণা করা হয়। এই অবস্থায় দিনের খেলা আবারও শুরু হওয়ার সম্ভবনা কম।
সাদমান ইসলাম অনিক ২১৯ বল খেলে ১০টি চারের সাাহয্যে ৯৯ রানে অপরাজিত আছেন। ২৮ বল খেলে ১টি চারের সাাহয্যে ১০ রানে অপরাজিত লিটন দাস।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, ত্যাগনারায়ন চন্দরপল, কেভাম হজ, আমির জাঙ্গু, রোস্টন চেজ, জাস্টিন গ্রেইভস, জোশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকন, জেডন সিলস।