ঢাকা: রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তার কক্ষে মারধরের ঘটনার অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে সীমালঙ্ঘন, ধৃষ্টতা ও অপরাধমূলক কাজ উল্লেখ করে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, বুধবার সকাল ১১টায় আইইডিসিআরে এ ঘটনা ঘটেছে। সমাজের একটি বিশেষায়িত ও উচ্চশিক্ষিত অংশের মধ্যেও যদি প্রকাশ্য দিবালোকে এ ধরনের মব সৃষ্টি করা হয়, তাহলে দেশ কোন পথে যাচ্ছে, তা ভাবার বিষয়।
তিনি লেখেন, একের পর এক অঘটন ঘটে চলেছে। রাড্ডা মেডিকেল সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ক্ষত এখনো তাজা। এর মধ্যেই সরকারি দলের চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতাকর্মীরা আজ যে ঘটনা ঘটিয়েছেন, তা বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে একটি কালো অধ্যায় রচনা করেছে।
জামায়াতের আমির বলেন, এটি নিঃসন্দেহে সীমালঙ্ঘন, ধৃষ্টতা ও অপরাধমূলক কাজ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, অন্যথায় ভঙ্গুর স্বাস্থ্যসেবা খাত কোনো অবস্থাতেই ঘুরে দাঁড়াতে পারবে না।