ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সেই সরকারের দরকার নেই। সরকারের কাজ হলো জনগণ শান্তিতে ঘুমাবে আর সরকার তাদের পাহারা দেবে।
রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর হাতিরঝিলের মধুবাগ মাঠে ঢাকা মহানগরী উত্তর জামায়াত আয়োজিত ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা নয়, কার্যত দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। রাজধানীতেই দিনের বেলায় নানা ধরনের অপকর্ম ঘটছে। রাজধানীর পরিস্থিতি থেকেই সারা দেশের অবস্থা বোঝা যায়।’
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, ‘গত সাত মাসে সরকার কী করেছে, তা জনগণ জানতে চায়। অতীতে হাম ও ডেঙ্গুতে মৃত্যুর জন্য আগের সরকারকে দায়ী করা হলেও এখনো কেন মানুষ এসব রোগে মারা যাচ্ছে, তার জবাব সরকারকে দিতে হবে।’
তিনি বলেন, ‘বিশ্বে ডেঙ্গুর টিকা রয়েছে। সরকারিভাবে টিকা আনার উদ্যোগ না থাকলে বেসরকারিভাবে টিকা আমদানির সুযোগ দেওয়া উচিত। একই সঙ্গে দ্রুত মশা নিধন, জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেফতারের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, ‘বিমানবন্দরের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করা হয়েছে।’
তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নয়, দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন।’
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জামায়াত বসে থাকবে না। দলীয় নেতাকর্মীরা নিজেদের ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে সারা দেশে জনসচেতনতা কর্মসূচি পালন করবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় খাল, নর্দমা ও মশার প্রজননস্থল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাম পর্যায়েও এ কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।’
জামায়াত আমির বলেন, ‘সরকার জনগণের টাকার দায়িত্বশীল এবং জনগণের ট্যাক্সের অর্থের পাহারাদার। তাই ডেঙ্গু মোকাবিলায় সরকারকে আরও সক্রিয় হতে হবে। সরকারকে জনগণের দায়িত্ব নিতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকার ডেঙ্গু মোকাবিলায় চরম ব্যর্থ হয়েছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর জায়গা হচ্ছে না। নাগরিক হিসেবে জনগণের পাশে দাঁড়ানোর দায়িত্ব থেকেই জামায়াত সারা দেশে এ কর্মসূচি নিয়েছে।’
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ‘ডেঙ্গুতে মানুষের মৃত্যু ঠেকাতে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।
পরে ডা. শফিকুর রহমান ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত লিফলেট ও ব্লিচিং পাউডার জনগণের মধ্যে বিতরণ করেন।