ঢাকা: রাষ্ট্রায়ত্ত চুক্তির আওতায় কানাডা ও রাশিয়া থেকে দেড় লাখ মেট্রিক টন এমওপি সার এবং কাতার থেকে এক কার্গো এলএনজি আমদানিসহ ৬টি প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’।
বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় ভারচ্যুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে রাষ্ট্রায়ত্ত চুক্তির আওতায় বিএডিসির মাধ্যমে দুটি পৃথক প্রস্তাবে ‘কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন’ (সিসিসি) থেকে ৪০ হাজার মেট্রিক টন করে মোট ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সার ৩৮২.৩৮ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে মোট ব্যয় হবে ৩৭৭ কোটি ৭৯ লাখ ১৪ হাজার টাকা।
একইভাবে বিএডিসির মাধ্যমে দুটি পৃথক প্রস্তাবে রাশিয়ার ‘জেএসসি ফরেন ইকোনমিক কো-অপারেশন (প্রুডিনটর্গ) থেকে ৩৫ হাজার মেট্রিক টন করে মোট ৭০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সার ৩৮২.৩৮ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে মোট ব্যয় হবে ৩৭৭ কোটি ৭৯ লাখ ১৪ হাজার টাকা।
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে জি-টু-জি ভিত্তিতে ‘কাতার এনার্জি ট্রেডিং এলএলসি’ থেকে বিদ্যমান চুক্তি থেকে ভিন্ন মূল্যে অতিরিক্ত ১ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি এমএমবিটিইউ এলএনজি’র দর ধরা হয়েছে জেকেএম-ইউএসডি ০.১০ ডলার।
অর্থ মন্ত্রণালয় জানায়, এছাড়া বৈঠকে খাদ্য অধিদফতর কর্তৃক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ই-জিপি সিস্টেমে ৩০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন ১ কোটি পিস পাটের বস্তা ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ৫০টি প্যাকেজের আওতায় ১৩টি প্রতিষ্ঠান এসব বস্তা সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৬৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার টাকা।