রাজবাড়ী: রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে গত বছরের তুলনায় এ বছর অবৈধ জাল জব্দ ও কারাদণ্ডপ্রাপ্ত জেলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর ২২ দিনের অভিযানে ৩০ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং ১৭১ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হলেও এ বছর জব্দ হয়েছে ১৬ লাখ ৫৫ হাজার মিটার জাল এবং কারাদণ্ড পেয়েছেন ৪৬ জন।
জেলা মৎস্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের অভিযানে ৯৭টি অভিযান ও ১৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ২৭৮ কেজি ইলিশ মাছ জব্দ, ৭৮টি মামলা দায়ের এবং ১ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক।
অন্যদিকে, ২০২৫ সালে একই সময়ে ১৭২টি অভিযান ও ৫৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছিল। সে সময় ১ হাজার ১১৮ কেজি ইলিশ মাছ এবং ৩০ লাখ ১৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
তুলনামূলক হিসাবে, গত বছরের চেয়ে এ বছর জাল জব্দ কমেছে ১৩ লাখ ৬০ হাজার মিটার এবং কারাদণ্ডপ্রাপ্ত জেলের সংখ্যা কমেছে ১২৫ জন।
এদিকে, স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, এ বছর অভিযান তুলনামূলক ঢিলেঢালাভাবে পরিচালিত হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে নদীর পাড়ে অস্থায়ী হাট বসিয়ে ইলিশ বিক্রির ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, অভিযানের প্রথম সপ্তাহে নদীতে স্রোত থাকায় জেলেরা মাছ ধরতে নামেননি। ফলে জাল জব্দ ও মোবাইল কোর্টের সংখ্যা কম ছিল। অভিযানের মাঝামাঝি সময়ে জেলেদের তৎপরতা বাড়লে অভিযানও জোরদার করা হয়। কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে।