Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর আলোকস্বল্পতায় খেলা শেষ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৬ ১৭:৩৭

প্রথম দুই দিনের মতো আজ তৃতীয় দিনেও আলোকস্বল্পতার কারণে মিরপুর টেস্টে আগেভাগে খেলা শেষ করতে হয়েছে আম্পায়ারদের। আগেভাগে খেলা শেষ হওয়ার আগে আবারও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা।  প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্পিনে রীতিমতো ধুঁকছে। ৫৩ রানেই ষষ্ঠ উইকেট হারানো বাংলাদেশ দিন শেষ করেছে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে।

ফলে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড এখন ১০৬। হাতে আছে আর চার উইকেট। মুমিনুল হকের মাথায় বলের আঘাত পাওয়ায় তার জায়গায় কনকাশন সাব জাকের আলী দিন শেষে অপরাজিত ১৮ রানে। স্পিনার নাঈম হাসানও অপরাজিত ১৮ রানে।

বিজ্ঞাপন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে নামা বাংলাদেশ সেভাবে কখনো দাঁড়াতেই পারেনি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ তানজিদ হাসান তামিম, ফিরেছেন শূন্য রানে।

এরপর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে তোলেন ২৭ রান। সেটাই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা জুটি! মুমিনুল হক দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসে ফিল্ডিংয়ের সময় মাথায় বলের আঘাত পান মুমিনুল। ফলে ব্যাটিংয়ে আর নামতে পারেননি। তার বদলে জাকের আলী অনিক খেলছেন কনকাশন সাব হিসেবে।

জাকের দিন শেষে ১৮ রানে অপরাজিত। কিন্তু তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ কেউই দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি। দলীয় ৫৩ রানের মাথায় ষষ্ঠ ব্যাটার হিসেবে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। তারপর জাকের ও স্পিনার নাঈম হাসান বাংলাদেশের লিড বাড়ানোর চেষ্টা করে যাচ্ছিলেন।

কিন্তু তাদের থামিয়ে দিয়েছে আলোকস্বল্পতা। বাংলাদেশের ৬ উইকেটে ৭৯ রানের মাথায় খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা টেস্টের প্রথম দুই দিনও আলোকস্বল্পতার কারণে দিনের খেলা পুরোটা হয়নি।

এখন পর্যন্ত বাংলাদেশের পতন হওয়া ছয় উইকেটের পাঁচটিই নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা।

এর আগে নাঈম হাসানের স্পিন জাদুতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৪৫ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। একাই ৪ উইকেট নেন নাঈম হাসান। ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে আজ টেস্টের তৃতীয় দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর