Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্ব জাপানের

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৬ ২১:০২

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে জাপান। এ লক্ষ্যে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করা, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের টোকিওতে দেশটির অর্থমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা (Satsuki Katayama) এবং সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির (Mimura Atsushi) দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারিত্ব নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

আলোচনায় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) বাইরে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করা এবং নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করে।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দেশটির অর্থায়নে বাংলাদেশে অতীতে বিভিন্ন বৃহৎ অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে জাপানের সহযোগিতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন এবং নতুন চুক্তি সম্পাদনের কার্যক্রমও চলমান রয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর