Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে নদীতে পড়ে নিখোঁজের পর জালে মিলল জেলের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৬ ২০:৩০

প্রতীকী ছবি।

বাগেরহাট: বাগেরহাটের মোংলার সিন্দুরতলা এলাকায় বঙ্গোপসাগরের দুবলার চরে যাওয়ার পথে নদীতে পড়ে নিখোঁজ হওয়া মৌসুমি জেলে মেহেদীর (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর তার মরদেহ পাওয়া গেল।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মোংলার চিলাবাজার এলাকায় স্থানীয় জেলেদের বেড়জালে তার মরদেহ আটকে যায়।

নিহত মেহেদী বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফয়লাবাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, বিকেলে চিলাবাজার-সংলগ্ন নদীতে জেলেরা জাল ফেললে মরদেহটি ভেসে উঠে জালে আটকে পড়ে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে চাঁদপাই নৌ-পুলিশ ফাঁড়িতে জানানো হয়।

বিজ্ঞাপন

চিলা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আজাদুল ইসলাম জানান, এর আগে স্থানীয়রা মরদেহটি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়েছে।

চাঁদপাই নৌ-থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তারুজ্জামান বলেন, ‘খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে দুবলার চরে শুঁটকিপল্লীর উদ্দেশে যাওয়ার পথে সিন্দুরতলা এলাকায় নদীর তীরে ট্রলার নোঙর করা অবস্থায় দাঁত ব্রাশ করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন মেহেদী। তবে দিনভর মোংলা ও খুলনার ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।