প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের মন্তব্যের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ ও যোগাযোগ করা উচিত।
যৌথ বিবৃতি না পড়ে মন্তব্য না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগে থেকেই দেশ বিক্রি হয়ে গেছে বলে মন্তব্য করলে তা হাস্যকর হয়ে যায়।’
শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, মাতারবাড়ী বা বিগ-বি প্রকল্প নিয়ে জামায়াতে ইসলামীর আমির সার্বভৌমত্ব লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে বিরোধী দলের মন্তব্যকে সরকার কীভাবে দেখছে?
জবাবে হুমায়ুন কবির বলেন, ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ একটি রাজনৈতিক দল। তাদের দায়িত্বশীল আচরণ ও দায়িত্বশীল যোগাযোগ করা উচিত। আমি প্রথমেই বলব, যৌথ বিবৃতিটি পড়ুন। দেখুন, পড়লেই বুঝতে পারবেন এ ধরনের কিছু নেই। না দেখে, না বুঝে, না পড়ে যদি মনে করেন দেশ বিক্রি হয়ে গেছে বা দেশ বিক্রির কাজ হচ্ছে, তাহলে বিষয়টি হাস্যকর হয়ে যায়।‘
তিনি বলেন, ‘বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ আসেনি। যৌথ বিবৃতিতে তৃতীয় কোনো দেশের উল্লেখ নেই, এমনকি বঙ্গোপসাগরেরও কোনো প্রসঙ্গ নেই।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একটি দেশ হিসেবে আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। অন্য কোনো বিষয়ে আলোচনা করতে হলে তা সংশ্লিষ্ট ফোরামে করতে হবে। বাংলাদেশ ও জাপানের মধ্যে এটি একটি স্বতন্ত্র আলোচনা।’
সংবাদ সম্মেলনে জাপান থেকে এলএনজি আমদানি এবং দেশটির ৬ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েও প্রশ্ন করা হয়।
জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী জাপানের একটি আধুনিক এলএনজি টার্মিনাল পরিদর্শন করেছেন। বাংলাদেশে এ ধরনের টার্মিনাল স্থাপনের বিষয়ে ধারণা নিতেই এই পরিদর্শন।
অন্যদিকে, জাপানের বিনিয়োগ সম্ভাবনা বাস্তবায়নে দেশটির একটি অর্থনৈতিক মিশন শিগ্গিরই বাংলাদেশে পাঠানো হবে বলে জানান তিনি। দুই দেশের যৌথ মন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্রুত এ মিশন পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৬-২৯ অক্টোবর জাপান সফর করেন।