ঢাকা: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সৌরির (২৮) রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক আহমেদ শাহরিয়ার রেজা দীপ জানিয়েছেন, কয়েকজন মানুষ তাদেরকে ধাওয়া দিলে তাহসিফ নদীতে ঝাপ দেন আর তিনি সেখান থেকে পালিয়ে যান।
তার দাবি, কয়েকজন মানুষের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ। আর তিনি পালিয়ে আসেন। দ্বীপের বক্তব্য অনুযায়ী ধাওয়া করা মানুষগুলো পুলিশের লোক বলে মনে হয়েছে তার।
যেই স্থানটিতে তারা দুজন সেদিন রাতে গিয়েছিলেন সেটি মূলত মাদকের আস্তানা বলে পরিচিত। ওই জায়গার ৫০ গজের মধ্যে তাহসিফের মোটরসাইকেলটি পাওয়া যায়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বলছে, দ্বীপ যা জানাচ্ছে তা আমরা শুনছি। তবে এসব তথ্য আমরা গভীরভাবে পর্যালোচনাও করছি। ভ্যারিফাই করা ছাড়া তার কথা সব সত্য তা আমরা বলছি না। আপাতত সে যা বলেছে তাতে আমরা দুটি বিষয় পেয়েছি, ধাওয়া করা মানুষগুলো কারা আর ওই রকম একটা ভয়ংকর মাদক স্পটে তাহসিফ কেন গিয়েছিল।
পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বলেন, ‘তদন্তে অনেক কিছুই আসবে তবে সব সত্য ধরে নেওয়া হয় না। আসল সত্যটা উদ্ঘাটন হলেই কেবল আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে আসতে পারবো। এর আগে তার কথা অনুযায়ী আমরা ঘটনাস্থলের কাছাকাছি থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।’
এ ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযানও চালানো হয়।