Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আত্মসমর্পণ করে আজ স্বাভাবিক জীবনে ফিরবেন ৭০ চরমপন্থি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৬ ১০:৫৬

সিরাজগঞ্জ: দীর্ঘদিনের সশস্ত্র তৎপরতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আজ আত্মসমর্পণ করতে যাচ্ছেন সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৭০ জন চরমপন্থি সদস্য।

রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন তারা।

এসআরবি-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন জেলার ৭০ জন চরমপন্থি আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এসআরবি মিডিয়া সেল জানায়, আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। বিশেষ অতিথি থাকবেন এসআরবির মহাপরিচালক আহসান হাবিব পলাশ। এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেবেন।

বিজ্ঞাপন

একসময় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ীসহ আশপাশের জেলাগুলোতে চরমপন্থিদের সশস্ত্র তৎপরতা ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত ছিল নিয়মিত ঘটনা। আশির ও নব্বইয়ের দশকে এসব সংগঠনের বিস্তার আরও বাড়ে।

তবে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে আত্মসমর্পণের মধ্য দিয়ে পরিস্থিতির পরিবর্তন ঘটে। ১৯৯৮ সালে সিরাজগঞ্জের কামারখন্দে শতাধিক চরমপন্থি সদস্য অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় ৫৯৬ জন এবং ২০২৩ সালের ২১ মে সিরাজগঞ্জে সাত জেলার ৩২৩ জন চরমপন্থি আত্মসমর্পণ করেন।

সেই ধারাবাহিকতায় এবার আরও ৭০ জনের আত্মসমর্পণের মধ্য দিয়ে তিন জেলায় শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার উদ্যোগ নতুন মাত্রা পাবে বলে আশা সংশ্লিষ্টদের।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর