ঢাকা: পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ‘চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ’। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, এমপির সঙ্গে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে।
রোববার (১ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিনিধিরা জানান, চীনের বৃহৎ জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রতিষ্ঠানটির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চীনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও এ খাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশেও তাদের কার্যক্রম রয়েছে।
প্রতিনিধিদলের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, পায়রা বন্দর দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানির চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে সরকার সব সময় বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে আসছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।
পায়রা বন্দরের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, পায়রা বন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। তাই বন্দরের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। যেকোনো বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং প্রয়োজনীয় নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।