জবি: ‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল সোমবার (২ নভেম্বর) উদ্যাপিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস ও বিশ্ববিদ্যালয়টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দিবস উদ্যাপন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।
এদিন উপাচার্যের সভাপতিত্বে তার সভাকক্ষে কেন্দ্রীয় কমিটির সর্বশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আমাদের প্রাণের উৎসব। এই উৎসবকে সফল ও সার্থক করে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানগুলো সুশৃঙ্খল ও সার্থকভাবে সম্পন্ন করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোকে সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে দিবসটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
সভায় বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বাস্তবায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চসজ্জা, দোয়া মাহফিল, প্রচার ও গণমাধ্যম ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে গঠিত সাতটি উপকমিটির আহ্বায়কেরা নিজ নিজ কমিটির চূড়ান্ত প্রস্তুতি ও কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। অনুষ্ঠানগুলোর সুষ্ঠু সমন্বয় ও বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবারই প্রথম বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সংসদ সদস্য নির্বাচিত ব্যক্তি এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তিদের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ সাজিদের মাকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনার পাশাপাশি গান পরিবেশন করবেন নগরবাউল জেমস। তার পরিবেশনা ঘিরে ক্যাম্পাসে বাড়তি উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তবে কনসার্টে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নিরাপত্তা-ব্যবস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমদ বলেন, ‘আমরা অনুষ্ঠান উপলক্ষ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছি। কোতোয়ালি থানার সঙ্গে কথা বলেছি। সার্বিকভাবে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি।’
অনুষ্ঠানে প্রবেশের বিষয়ে তিনি বলেন, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা গেটে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন। যেসব সাবেক শিক্ষার্থীর পরিচয়পত্র নেই, তাঁদের জন্যও বিকল্প ব্যবস্থা রাখা হবে।
সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রক্টর।