ঢাকা: ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মনি, শাজাহান খানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই অভিযোগ দাখিল করা হয়।
মামলায় আসামিদের বিরুদ্ধে মিরপুর, উত্তরাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছাত্র-জনতার ওপর হত্যা, হত্যাচেষ্টা, উসকানি ও ষড়যন্ত্রের মতো গুরুতর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ দাখিলের বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম গণমাধ্যমকে জানান, জুলাই আন্দোলন দমনে আসামিদের সুনির্দিষ্ট পরিকল্পনা ও নির্দেশনায় ব্যাপক ও পদ্ধতিগতভাবে নির্যাতন এবং হত্যাকাণ্ড চালানো হয়েছিল। এই মামলায় আসামিদের বিরুদ্ধে ‘সুপিরিয়র রেসপন্সিবিলিটি’ বা শীর্ষ নেতৃত্বের দায় আনা হয়েছে। ১৪ দলের বৈঠক ও নীতিনির্ধারণী পর্যায়ে থেকে আন্দোলন দমনে কারফিউ জারি ও মারণাস্ত্র ব্যবহারের রাজনৈতিক সিদ্ধান্তের সাথে তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে প্রসিকিউশন।
মামলায় অভিযুক্ত সাতজন হলেন, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ডা. দীপু মনি, শাজাহান খান, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, আব্দুর রাজ্জাক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য মির্জা আজম।
আলোচিত এই মামলার সাত আসামির মধ্যে ছয়জন এরই মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন। তবে একমাত্র মির্জা আজম বর্তমানে পলাতক রয়েছেন।
প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হলো। খুব দ্রুতই আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের (চার্জ গঠন) বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।