ঢাকা: বিমানবন্দরে বিশৃঙ্খলা ও হট্টগোলের ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান-কে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
সোমবার (২ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। আবেদনের ওপর বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার (১ নভেম্বর) বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেন-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আখতারুজ্জামান-কে জামিন দেন।
মামলার নথি অনুযায়ী, গত ২ অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামান-কে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই দিন তার জামিন আবেদনও নামঞ্জুর করেন আদালত।
পরে ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী তার জামিন আবেদন খারিজ করেন। এরপর জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আখতারুজ্জামান। শুনানি শেষে উচ্চ আদালত তাকে জামিন দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১ অক্টোবর রাজধানীর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি হুমকি-ধমকিতে রূপ নেয়।
এ ঘটনায় বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান-এর বিরুদ্ধে মামলা করা হয়।