Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামিসা হত্যা মামলা / রাষ্ট্রপক্ষের বিশেষ টিমের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল

স্টাফ করেসপন্ডেট
১১ জুন ২০২৬ ১৫:৪১ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৬:৪৪

বক্তব্য রাখছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

ঢাকা: আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টে শুনানির জন্য রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী দল গঠন করা হয়েছে। এ দলের নেতৃত্ব দেবেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (১১ জুন) অ্যাটর্নি জেনারেল নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মামলার যুক্তিতর্ক শুনানিতে তিনি ব্যক্তিগতভাবে অংশ নেবেন। তার সঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, ব্যারিস্টার মেহেদী হাসান, জামিউল হক ফয়সাল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেবেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার হাইকোর্টে বিরতিহীনভাবে পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষ প্রস্তুতি নিয়েছে।’ এ মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে কোনো ধরনের মুলতবির আবেদন করা হবে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতি একটি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। ওই বেঞ্চে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে তিনি আদালতকে জানিয়েছেন যে, রামিসা হত্যা মামলার শুনানি অব্যাহতভাবে চালিয়ে নেওয়ার বিষয়ে রাষ্ট্রপক্ষ অঙ্গীকারবদ্ধ।‘

অ্যাটর্নি জেনারেল আশা প্রকাশ করে বলেন, ‘আগামী রোববার হাইকোর্টের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত হতে পারে।’

এর আগে, গত ৯ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের স্বাক্ষরের পর সংশ্লিষ্ট নথি হাইকোর্টে পৌঁছে।

বাংলাদেশের আইন অনুযায়ী, কোনো ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। এই অনুমোদন প্রক্রিয়াই ‘ডেথ রেফারেন্স’ নামে পরিচিত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর