ভালোবাসা মানবজীবনের এমন এক চিরন্তন অনুভূতি, যা কখনো এনে দেয় অপার প্রশান্তি, আবার কখনো তা রূপ নেয় দীর্ঘশ্বাসে ভেজা এক অবুঝ ক্ষতে। সময়ের স্রোতে অনেক সম্পর্ক দূরে মিলিয়ে গেলেও মনের গভীরের মায়াটুকু অবিকল থেকে যায়। এই চিরন্তন প্রাপ্তি, অপ্রাপ্তি, মায়াজাল আর বিচ্ছেদের গভীর আকুতি নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’। অকালপ্রয়াত বাউল সাধক পাগল হাসানের কথা ও সুরে গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই সংগীতাঙ্গনে এবং শ্রোতামহলে তৈরি হয়েছে এক অন্যরকম আবেগঘন আবহ।
গানটির পেছনের ইতিহাস ও আবেগ সম্পর্কে কথা বলতে গিয়ে শিল্পী কাজী শুভ জানান, প্রয়াত পাগল হাসানের গায়কী ও সৃষ্টির প্রতি তার আজন্ম এক গভীর টান এবং দুর্বলতা রয়েছে। বাউল সাধক পাগল হাসান জীবিত থাকতেই তিনি গানটি নিজের সংগ্রহে নিয়েছিলেন। পরবর্তী সময়ে তার নিজস্ব ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’-তে গানটি যুক্ত করা হয়। প্রেম, মানসিকভাবে ভেঙে পড়ার আকুতি এবং বিচ্ছেদের হাহাকার যেভাবে এই গানে ফুটিয়ে তোলা হয়েছে, তা যেকোনো সংবেদনশীল শ্রোতার হৃদয়ে নাড়া দিতে বাধ্য। গানটির প্রতিটি লাইনে যেমন রয়েছে গ্রামীণ শেকড়ের টান, তেমনি আধুনিক সুরের বিন্যাসে তা এক সার্বজনীন রূপ পেয়েছে।
গানটিতে সুরের জাদুকরি মূর্ছনার পাশাপাশি নতুন মাত্রা যোগ করেছে এর চমৎকার সংগীতায়োজন। গানটির সংগীতায়োজন করেছেন প্রতিভাবান সংগীত পরিচালক রাফি মোহাম্মদ। তার নিখুঁত পরিমিতিবোধ ও সুরের ব্যাকগ্রাউন্ড স্কোর গানটির মূল ভাবকে আরও বেশি পোক্ত করেছে। শুধু অডিও নয়, গানটির দৃশ্যরূপ বা ভিডিও নির্মাণেও মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন নির্মাতা। ভালোবাসা ও বিচ্ছেদের চিরন্তন দ্বন্দ্বের গল্প ফুটিয়ে তুলতে ভিডিওটিতে অনবদ্য অভিনয় করেছেন উদীয়মান অভিনয়শিল্পী সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। নাট্যধর্মী ও দৃষ্টিনন্দন এই ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। পুরো গল্পের আবহে কাজী শুভর নিজস্ব উপস্থিতি গানটির আবেগ ও আবেদনকে দর্শকদের হৃদয়ে আরও গভীরভাবে পৌঁছে দিয়েছে।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, বাংলা গানের এই মায়াবী সৃষ্টিটি তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশ ও বিদেশের সমস্ত শীর্ষস্থানীয় ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে উম্মুক্ত করা হয়েছে। যারা অন্তরের খুব কাছাকাছি থাকা কোনো প্রিয় মানুষের চিরবিদায় বা ভালোবাসার ভুলের বেদনা নিঃশব্দে বয়ে বেড়ান, তাদের জন্য এই গানটি হয়ে উঠবে পরম সান্ত্বনার বা এক ফোঁটা চোখের জলের প্রতিচ্ছবি। পাগল হাসানের সুদূরপ্রসারী কথামালা এবং কাজী শুভর মায়াবী কণ্ঠের এই মেলবন্ধন বাংলা লোক ও আধুনিক গানের ধারায় এক দীর্ঘস্থায়ী দাগ কেটে যাবে বলেই বিশ্বাস সংগীতপ্রেমীদের।