Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন, অনুমোদন মন্ত্রিসভার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৬ ২০:৩২

ঢাকা: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর ১৫ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন বাদ দিলে মোট সরকারি ছুটি থাকবে ২২ দিন।

সোমবার (২ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় এ তালিকা প্রণয়ন করে।

অনুমোদিত তালিকা অনুযায়ী, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির দিন—দুটি শুক্রবার ও দুটি শনিবার।

এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটি—একটি শুক্রবার ও দুটি শনিবার।

বিজ্ঞাপন

সব মিলিয়ে প্রস্তাবিত ২৯ দিনের ছুটির মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন।

এদিকে ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সরকারি কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদ্‌যাপনে দুই দিন ঐচ্ছিক ছুটির প্রস্তাব রাখা হয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/এসআর