ঢাকা: নারায়ণগঞ্জে রূপগঞ্জেরএকটি বস্ত্র কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেভর্তি করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে এই নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা এলাকায় সিম গ্রুপের একটি টেক্সটাইল মিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ইসমাইল হোসেন (৩০), কামরুল (৫৫), তপন (৩৮) ও নাইমুল (৩০)।
দগ্ধরা জানান, তারা ভুলতা এলাকায় সিম গ্রুপের একটি টেক্সটাইল মিলে কাজ করেন। রাতে কাজ করার সময় হঠাৎ এয়ার কম্প্রেসার বিস্ফোরণ হয়। এতে তারা চারজন দগ্ধ হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, রাতে রুপগঞ্জের একটি কারখানা থেকে চারজন দগ্ধ হয়ে হাসপাতালে আসে। এদের মধ্যে ইসমাইলের শরীরের ২০ শতাংশ, কামরুলের ২৫শতাংশ, তপনের ১২শতাংশ ও নাইমুলের ৪২ শতাংশ পুড়ে গেছে। তাদের ৪ জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাদের মধ্যে নাইমুলের অবস্থা আশঙ্কাজনক।