ঢাকা: ঘুষের টাকাসহ রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম-কে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের একটি বিশেষ দল ফাঁদ পেতে তাকে ১ লাখ টাকা নগদ গ্রহণকালে আটক করে। ভূমি অফিসে একজন সেবা গ্রহীতার কাছে তিনি ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
দুদক সূত্রে জানা যায়, অবসপ্রাপ্ত সেনা সদস্য মনিরুল ইসলাম লালবাগের চর-কামরাঙ্গী মৌজার ২৮২ শতাংশ জমির পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা নিয়ে মালিকদের পক্ষে আইনি তদারকি করছিলেন। জমির মাপজোখ, খাস ও ব্যক্তিমালিকানাধীন অংশ আলাদা করা এবং নকশা তৈরির জন্য গত এপ্রিলে তিনি জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।
কিন্তু দীর্ঘ ছয় মাস ঘুরেও কাজ না হওয়ায় তাকে সার্ভেয়ার আসাদুল ইসলাম-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। অভিযোগ রয়েছে, কাজ সম্পন্ন করে দেওয়ার শর্তে আসাদুল তার কাছে ৮০ লাখ টাকা উৎকোচ দাবি করেন।
পরে বাধ্য হয়ে মনিরুল বিষয়টি দুদককে জানান এবং অভিযুক্তকে আটকের অনুরোধ করেন। প্রাথমিক সত্যতা পাওয়ায় মঙ্গলবার সকালে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি দল সেখানে ফাঁদ পাতে। ১ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় আসাদুল ইসলাম-কে আইনশৃক্সক্ষলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আটক করা হয়।
দুদক জানিয়েছে, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঘুষের টাকা লেনদেনকালে লালবাগ ভূমি অফিসের সার্ভেয়ার আটক
সিনিয়র করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ১৪:৩৮ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬ ১৪:৪২
৩ নভেম্বর ২০২৬ ১৪:৩৮ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬ ১৪:৪২
সারাবাংলা/এনএল/এসআর