মার্কিন পারমাণবিক হামলার আশঙ্কার মধ্যে সম্ভাব্য পারমাণবিক বিস্ফোরণ থেকে বাঁচার উপায় সংবলিত এক নজিরবিহীন জরুরি গণসতর্কতা ও নির্দেশিকা জারি করেছে ইরান কর্তৃপক্ষ। রেডিওঅ্যাক্টিভ বিষাক্ত উপাদান থেকে বাঁচতে জানালার আড়ালে না যাওয়া, বাড়ির এসি বা বায়ু সঞ্চালন ব্যবস্থা বন্ধ রাখা এবং অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এতে।
২৯ অক্টোবর ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ একটি ৮ মিনিটের শিক্ষামূলক ভিডিওসহ এই নির্দেশিকা প্রকাশ করে। ইস্পাহান প্রদেশের জরুরি পরিষেবা বিভাগ ভিডিওটি প্রকাশ করে। খবর ইন্ডিয়া টুডের।
জরুরি নির্দেশিকাগুলো হলো-
- বিস্ফোরণের ফলে সৃষ্ট তীব্র আলোর দিকে সরাসরি তাকানো থেকে বিরত থাকুন।
- যদি ভবনের বাইরে থাকেন এবং তাৎক্ষণিকভাবে ভেতরে ঢোকার সুযোগ না থাকে, তবে কোনো আড়ালের পেছনে আশ্রয় নিন এবং মাথা ও মুখ ঢেকে মাটিতে শুয়ে পড়ুন।
- বিস্ফোরণের ঢেউ (ব্লাস্ট ওয়েভ) চলে যাওয়ার পর দ্রুত নিকটস্থ কোনো ভবনের ভেতরে প্রবেশ করুন। বাইরে দাঁড়িয়ে বিস্ফোরণ দেখা বা ছবি তোলা থেকে বিরত থাকুন এবং যানবাহনের ভেতরে আশ্রয় নেবেন না।
- ভবনের বেসমেন্ট (ভূগর্ভস্থ কক্ষ) বা ভেতরের দিকের অংশে আশ্রয় নিন, যা জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে অবস্থিত।
- দরজা-জানালা বন্ধ করে দিন এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) ও বাতাস চলাচলের (ভেন্টিলেশন) এমন সব যন্ত্র বন্ধ রাখুন, যা বাইরে থেকে বাতাস টেনে নেয়।
- তেজস্ক্রিয় দূষণের সংস্পর্শে আসা বাইরের পোশাকগুলো ঝাড়াঝাড়ি না করে খুলে ফেলুন। এগুলো একটি বায়ুরোধী ব্যাগে ভরে মানুষের থেকে দূরে কোথাও রেখে দিন; ব্যাগটি বাইরে ফেলতে যাবেন না।
- হালকা গরম পানি ও সাবান দিয়ে গোসল করুন এবং কন্ডিশনার ছাড়া সাধারণ শ্যাম্পু ব্যবহার করুন।
- যদি গোসল করা সম্ভব না হয়, তবে পানি বা ওয়েট টিস্যু (ভেজা কাপড়/টিস্যু) দিয়ে মুখ, হাত এবং শরীরের উন্মুক্ত অংশগুলো ভালোভাবে পরিষ্কার করে নিন।
- বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবারের ওপর নির্ভর করুন এবং অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়স্থলের ভেতরে থাকার প্রস্তুতি নিন।
- ২৪ ঘণ্টা পার হয়ে গেলেই বিপদ কেটে গেছে বলে ধরে নেবেন না; বরং নিরাপদে বেরিয়ে আসার বিষয়ে সরকারি নির্দেশনা ও জরুরি নির্দেশিকাগুলো অনুসরণ করুন।
- যদি ভবনের ভেতরে আগুন লাগে বা ভবনটি ধসে পড়ার ঝুঁকি থাকে, তবে অন্য কোনো নিরাপদ আশ্রয়ে চলে যান।
- প্রস্তুতি জোরদার করতে এবং সম্ভাব্য ঝুঁকি কমাতে পরিবারের সদস্যদের সাথে আগেভাগেই এই নির্দেশিকাগুলো নিয়ে আলোচনা করে নিন।