Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদ সচিবালয়ে ১৭১ পদে দ্রুত নিয়োগের সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ২৩:০০ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬ ২২:৪৮

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি এবং ১১ থেকে ২০তম গ্রেডের ১৫৫টি পদে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি সংসদ সচিবালয়ের সাংগঠনিক সংস্কার ও ‘বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস’ গঠনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ও সেগুলোর অগ্রগতি পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় প্রথমে কমিটির আগের সভার কার্যবিবরণী সংশোধনী সাপেক্ষে অনুমোদন ও দৃঢ়ীকরণ করা হয়। পরে সংসদ সচিবালয়ের শূন্য পদে নিয়োগ এবং জনবল কাঠামোর অগ্রগতি তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি পদে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সরাসরি নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। অন্যদিকে, ১১ থেকে ২০তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য ১৫৫টি পদ সংসদ সচিবালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত পূরণের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংসদ সচিবালয়কে আরও আধুনিক ও কার্যকর করতে সাংগঠনিক সংস্কার এবং ‘বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস’ গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা নিতে দুই থেকে তিনজন অভিজ্ঞ পরামর্শক নিয়োগের সুপারিশ করেছে কমিটি।

এ ছাড়া এ বিষয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে পরামর্শ করার ব্যাপারেও দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি, হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, মো. সেলিম রেজা এমপি এবং মোসাম্মৎ শাম্মী আক্তার এমপি অংশ নেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর