Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্পিকারের সঙ্গে ইইউ ও পার্টনার ফর ডেমোক্রেসির প্রতিনিধিদলের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ২২:৫০ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬ ২২:৪২

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এবং বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের প্রতিনিধিদল।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনি পর্যবেক্ষক দল এই নির্বাচনকে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হিসেবে প্রশংসা করেছে।’

তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরায় এদেশে প্রতিষ্ঠিত হয়েছে।’

বিজ্ঞাপন

স্পিকার বলেন, ‘দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এদেশের গণতন্ত্রকে লুণ্ঠিত করেছিল। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশে পুনর্বার গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়। গণতন্ত্র ছাড়া একটি দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না।’

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা, নির্বাচনি প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং সার্বিক রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সংসদীয় বিতর্ক শ্রবণ ও অনুধাবন সহজতর করার বিষয়ে প্রতিনিধিদল তাদের মতামত প্রদান করেন।

বৈঠকে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) এবং বি-স্ক্যান বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার ও নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর