উভয় দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া।
মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনস শহরে কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিংয়ের সাইডলাইনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে সাক্ষাৎকালে এই বিষয়ে একমত হয়েছে।
বুধবার ( ৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানান হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি বছরের জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করে উভয় মন্ত্রীই দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম অদূর ভবিষ্যতে ঢাকা সফর করবেন।
বৈঠকটি প্রবাসী-সংক্রান্ত বিষয়ের বাইরে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার সুযোগ করে দিয়েছে। এতে বাণিজ্য ও বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে, যার মধ্যে রয়েছে উভয় দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার বিষয়টি।
এছাড়া, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া যেন সুষ্ঠু ও স্বচ্ছ হয়, তা নিশ্চিত করার লক্ষ্যে অভিবাসন ব্যবস্থায় যৌথ পরিদর্শন ও নজরদারির প্রয়োজনীয়তা নিয়েও উভয় মন্ত্রী আলোচনা করেছেন।
পাশাপাশি, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান (ASEAN)-এর ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতি তার দেশের সমর্থনের নিশ্চয়তা দিয়েছেন। একই সঙ্গে, ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’ (আরসিইপি)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও তিনি সমর্থন ব্যক্ত করেছেন।