ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
বুধবার (৪ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে যান।
সেখানে লিউ হাইশিং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধানিবেদন শেষে শহিদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন চীনা মন্ত্রী। এ সময় প্রতিনিধিদলটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পরে লিউ হাইশিং স্মারক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সহযোগিতার কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি এবং যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য জানান।