নেত্রকোনা: নেত্রকোনা সীমান্তে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের মৃত্যুর পর তার সংসারে নেমে এসেছে অন্ধকার। ভরণ-পোষণ আর নিজের সংসারের অন্যান্য খরচ নিয়ে হিমশিম খাচ্ছিলেন স্ত্রী খাজিদা আক্তার। এ সময় পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী খাদিজা আক্তারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাজধানীর বেসরকারি হাসপাতাল ল্যাব এইডে নার্স হিসেবে চাকরির ব্যবস্থা করে দিলেন তিনি।
চাকরিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে খাদিজা আক্তার জানান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। বর্তমানে তিনি দুই সন্তান ও মাকে সঙ্গে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। আপাতত পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই থাকবেন।
খাদিজা আক্তার বলেন, ‘ডেপুটি স্পিকার কায়সার কামাল আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার স্বামী মৃত্যুর পরপরই নগদ এক লাখ টাকা ও পরিবারের সব সদস্যদের জন্য নতুন কাপড় পাঠিয়েছেন। এখন আমার সন্তানদের কথা ভেবে আমাকে চাকরি দিলেন। আমি গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে কাজে যোগ দিয়েছি।’
নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে খাদিজা আক্তারের কর্মজীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। নার্স হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় নতুনভাবে জীবন গুছিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।