যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এ মুহূর্তে মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেটে নিজেদের অবস্থান প্রায় পোক্ত করে ফেলেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। সিনেটে নিজেদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তাদের প্রয়োজন ছিল মাত্র ১টি আসন। সেটিও তারা নিশ্চিত করেছে।
বুধবার (৪ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে প্রকাশিত, সর্বশেষ ফলাফল ও ভোট গণনার চিত্র অনুযায়ী সিনেটে নিয়ন্ত্রণ পেতে মোট আসন প্রয়োজন ৫১টি আসন। ডেমোক্র্যাটরা সেই ৫১টি আসনে জয় নিশ্চিত করেছে এবং আরও ২টি আসনে এগিয়ে রয়েছে। রিপাবলিকানরা জয় পেয়েছে ৩৯টি আসনে এবং ৬টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া, এখন পর্যন্ত ১টি আসনের ফল চূড়ান্ত হতে বাকি।
ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদে জয়লাভ করার ফলে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি মেয়াদে কংগ্রেসের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে গেল।
বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, এটি রিপাবলিকান পার্টির জন্য একটি ঐতিহাসিক বিপর্যয়। জয়ের এই মাত্রা এমন যে, কয়েক মাস আগেও অধিকাংশ ডেমোক্র্যাট হয়তো এমনটা কল্পনাও করেননি।
ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, ডেমোক্র্যাটরা ‘ভালো কাজ করেছে’। তিনি আরও বলেন, ‘আমি কিছুটা অবাক হয়েছি।’
সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটরা টেক্সাস, ওহাইও এবং কানসাসের মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলোতে অপ্রত্যাশিত জয় পেয়েছে। উল্লেখ্য, কানসাসে প্রায় ১০০ বছর আগে সর্বশেষ কোনো ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচিত হয়েছিলেন।
কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ার ফলে ডেমোক্র্যাটরা আগামী দুই বছরে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করতে পারবেন। এমনকি তারা তাকে তৃতীয়বারের মতো অভিশংসিত (ইমপিচ) করার চেষ্টাও করতে পারেন।