Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদালত অবমাননা: ডেঙ্গু আক্রান্ত হওয়ায় সময় চেয়ে আবেদন ব্যারিস্টার আসাদুজ্জামানের

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ১২:১৪

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে তলব করা হলেও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ব্যাখ্যা দিতে এক মাস সময় চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার (৪ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সময়ের আবেদন করেন তিনি। আবেদনে অসুস্থতার কারণ উল্লেখ করে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য এক মাস সময় প্রার্থনা করা হয়েছে।

এর আগে, গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল স্বপ্রণোদিত হয়ে ব্যারিস্টার ফুয়াদকে তলব করেছিলেন। ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য আজকের (৪ নভেম্বর) দিন ধার্য করা হয়েছিল।

বিজ্ঞাপন

গত ২৮ অক্টোবর এবি পার্টির একটি অনুষ্ঠানে দেওয়া ব্যারিস্টার ফুয়াদের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই আদালত অবমাননার অভিযোগের সূত্রপাত হয়। ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি ওই অনুষ্ঠানে বলেছিলেন, ‘ট্রাইব্যুনালে বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে।’ তার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা আদালতের নজরে আসে এবং ট্রাইব্যুনাল স্বতপ্রণোদিত হয়ে এই পদক্ষেপ গ্রহণ করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এর আগে সাংবাদিকদের জানান, ফুয়াদকে সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। তবে অসুস্থতার কারণে তিনি সময় প্রার্থনা করায় নতুন তারিখের জন্য আদালতের পরবর্তী নির্দেশনা বিবেচনা করা হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ও রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা জনসমক্ষে বিতর্কিত মন্তব্য করায় এর আগেও বেশ কয়েকজন আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর