Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শীতে ছাদবাগান তৈরি ও পরিচর্যার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক
৫ নভেম্বর ২০২৬ ১৪:২৫

ভোরের হালকা কুয়াশা আর ছাদের কোণে নরম রোদের আমেজ জানান দিচ্ছে, শীত কড়া নাড়ছে দরজায়। ক্যালেন্ডারের পাতায় শীত আসতে কিছুটা দেরি থাকলেও, ছাদ বা বারান্দায় শীতকালীন একটি সুন্দর বাগান গড়ে তোলার আসল প্রস্তুতি নেওয়ার সময় কিন্তু এখনই। রঙিন ফুলে চারপাশ রাঙাতে কিংবা নিজের হাতে ফলানো বিষমুক্ত অর্গানিক সবজির স্বাদ নিতে চাইলে এখনই পরিকল্পনা শুরু করা দরকার। শাকসবজি ও বাহারি ফুল চাষের জন্য এই সময়টিই প্রকৃতির সবচেয়ে সেরা সময়।

যারা এই প্রথম ছাদবাগান তৈরি করতে চাইছেন, তারা শুরুতেই খুব বেশি গাছ না লাগিয়ে অল্প কয়েকটি দিয়ে কাজ শুরু করতে পারেন।

আসুন জেনে নেই, শীতে ছাদবাগান তৈরি ও পরিচর্যার সহজ উপায়…

বিজ্ঞাপন

কোন কোন শাকসবজির গাছ বসাবেন?

শাকজাতীয় ফসল: লালশাক, পালংশাক ও কলমিশাক খুব সহজেই টবে চাষ করা যায়।

অন্যান্য সবজি: টবে বেগুন, টমেটো, ঢ্যাঁড়শ, মুলো, গাজর, বিটরুট, বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, ক্যাপসিকাম ও লেটুস পাতা চমৎকার বাড়ে।

লতানো সবজি: শিম, লাউ ও বরবটি ইত্যাদি লতানো সবজির জন্য মাচা তৈরি করে দিতে পারেন।

সবজি গাছের মাটি তৈরি ও যত্ন

পাত্র নির্বাচন: ১২ থেকে ১৫ ইঞ্চির টব, বালতি বা জিও ব্যাগে সবজি চাষের জন্য সবচেয়ে উপযোগী।

মাটি প্রস্তুত: সমপরিমাণ দোআঁশ মাটি, জৈব সার ও বেলে মাটি একসঙ্গে মিশিয়ে মাটি তৈরি করুন।

রোদের আলো: গাছগুলো এমন জায়গায় রাখুন যেখানে দিনে অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা সরাসরি রোদ পায়।

শীতের বাগানে কোন কোন ফুল বসাবেন?

শীতকাল হলো ফুলের বাগান করার স্বর্ণালী সময়। এই মৌসুমে ছাদ বা বারান্দা রাঙাতে লাগাতে পারেন…

চন্দ্রমল্লিকা

কসমস ও জিনিয়া

ডালিয়া ও সূর্যমুখী

পিটুনিয়া ও ডায়ান্থাস

দোপাটি, জারবেরা ও অ্যাস্টার

আপনার পছন্দমতো নার্সারি থেকে সুস্থ চারা কিনে লাগাতে পারেন অথবা বীজ থেকেও চারা তৈরি করে নিতে পারেন।

ফুল গাছের মাটি তৈরি ও পরিচর্যা

মাটির মিশ্রণ: ফুলের গাছের জন্য ৫০ শতাংশ দোআঁশ মাটি, ৩০ শতাংশ কম্পোস্ট এবং ২০ শতাংশ কোকো পিট একসঙ্গে মিশিয়ে নিন। মাটি ভালোভাবে রোদে শুকিয়ে নেওয়ার পর তাতে চারা বসাবেন।

পানি দেওয়ার নিয়ম: গাছে সপ্তাহে ২ থেকে ৩ বার সকালে পানি দিন। তবে খেয়াল রাখবেন, মাটি শুকিয়ে এলেই কেবল যেন পানি দেওয়া হয়।

সার প্রয়োগ: গাছ লাগানোর ১০ দিন পর থেকে নিয়মিত জৈব সার ব্যবহার করুন। সঠিক পরিচর্যা পেলে অল্পদিনেই আপনার ছাদ রঙিন ফুলে ভরে উঠবে।

সারাবাংলা/এনএল/এএসজি