Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাগর-রুনি হত্যা মামলা: প্রতিবেদন দাখিল পেছাল ৯ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ১৪:০৮

সাংবাদিক দম্পতি সাগর-রুনি। ছবি: সংগৃহীত

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আরও একবার পেছাল। এর ফলে চাঞ্চল্যকর এই মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১৩১ বারের মতো পেছাল। আদালত আগামী ৯ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত নতুন এ দিন ধার্য করেন। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা তা দাখিল করতে পারেননি। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অপর আসামিরা হলেন বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে মামলার তদন্তভার প্রথমে শেরেবাংলা নগর থানা পুলিশ ও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হওয়ার পর হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল মামলার তদন্তভার র‍্যাবের কাছে ন্যস্ত করা হয়। পরবর্তীতে গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট এবং একইসঙ্গে মামলাটির তদন্ত থেকে র‌্যাবকে অব্যাহতি দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশে গত বছরের ১৭ অক্টোবর পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর