Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সকালের খাবারে ট্রাই করুন দুটি ভিন্ন স্বাদের স্পেশাল অমলেট

লাইফস্টাইল ডেস্ক
৫ নভেম্বর ২০২৬ ১৭:৫৫

ছুটির সকাল মানেই একটু রিলাক্সড মেজাজ আর বিছানায় কাটানো অলস সময়। কিন্তু ব্রেকফাস্টে কী খাওয়া হবে, এই চিরচেনা প্রশ্ন! প্রতিদিনের একঘেয়ে সাধারণ ডিম ভাজা খেয়ে মুখ যদি ফিকে হয়ে যায়, তবে ছুটির এই সকালটিকে আরও সুস্বাদু ও স্পেশাল করে তুলতে ট্রাই করতে পারেন দারুণ মজার স্প্যানিশ অমলেট ও বেকড অমলেট। ওভেন বা সাধারণ কড়াই, যেভাবেই বানান না কেন, প্রোটিন ও ফাইবারে ভরপুর এই ব্রেকফাস্ট আপনার ছুটির সকালকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে।

আসুন ঝটপট জেনে নেওয়া যাক এই দুই মুখরোচক অমলেট তৈরির সহজ পদ্ধতি…

১. স্প্যানিশ অমলেট তৈরির রেসিপি

প্রয়োজনীয় উপকরণ

ডিম: ৫টি
আলু কুচি: ১/২ কাপ (পাতলা বা ছোট করে কাটা)
পেঁয়াজ কুচি: ১ কাপ
কাঁচালঙ্কা কুচি: ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ
সাদা তেল বা মাখন: ৩ টেবিল চামচ
নুন: স্বাদমতো

বিজ্ঞাপন

প্রস্তুত প্রণালী

ডিম ফেটানো: প্রথমে একটি বড় বাটিতে ডিম, স্বাদমতো নুন ও গোলমরিচ গুঁড়ো একসঙ্গে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন।

আলু ও পেঁয়াজ ভাজা: কড়াইতে তেল বা মাখন গরম করে আলু কুচিগুলো দিয়ে ভাজতে থাকুন। আলু কিছুটা নরম হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি ও সামান্য নুন দিয়ে সোনালি ও নরম হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিন।

মিশ্রণ তৈরি: এ বার ঠান্ডা করা আলু-পেঁয়াজ ভাজিটা আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে কাঁচালঙ্কা কুচি ও ধনেপাতা কুচি মিশিয়ে আবারও একবার ফেটিয়ে নিন।

অমলেট ভাজা: ফ্রাইং প্যানে সামান্য তেল বা মাখন গরম করুন। চুলার আঁচ একদম কমিয়ে প্যানে ডিম ও আলুর পুরো মিশ্রণটি ঢেলে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিন যাতে ভেতরের অংশ ভালোভাবে সেদ্ধ হয়।

উল্টে নেওয়া: এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে সাবধানে অমলেটটি উল্টে দিন। অপর পিঠও সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে ভেজে নিন।

২. বেকড অমলেট তৈরির রেসিপি

প্রয়োজনীয় উপকরণ

ডিম: ৬টি
দুধ: ১/৪ কাপ
সাওয়ার ক্রিম বা গ্রিক ইয়োগার্ট: ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি: ১/৪ কাপ
ক্যাপসিকাম কুচি: ১/৪ কাপ
চিজ়: ১/২ কাপ (গ্রেট করা)
মাখন: ২ টেবিল চামচ
সেদ্ধ চিকেন কুচি: সামান্য (ঐচ্ছিক, চাইলে দিতে পারেন)
নুন ও গোলমরিচ গুঁড়ো: স্বাদমতো

প্রস্তুত প্রণালী

ওভেন প্রিহিট: প্রথমে ওভেন ১৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করে নিন।

ডিমের মিশ্রণ তৈরি: একটি বড় পাত্রে ডিম, দুধ, সাওয়ার ক্রিম (বা গ্রিক ইয়োগার্ট), নুন ও গোলমরিচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। মিশ্রণটিতে হালকা ফেনা হওয়া পর্যন্ত ফেটিয়ে নেওয়া ভালো।

সবজি ও চিজ মেশানো: এবার এই মিশ্রণের মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, অর্ধেকটা চিজ় এবং চাইলে সামান্য চিকেনের কুচি ভালোভাবে মিশিয়ে দিন।

বেকিং ও চিজ মেল্ট: একটি বেকিং ডিশে ভালো করে মাখন মাখিয়ে নিন। তার মধ্যে ডিমের মিশ্রণটি ঢেলে দিন। এবার প্রিহিট করা ওভেনে ২৫-৩০ মিনিট বেক করে নিন। অমলেট তৈরি হয়ে গেলে উপর দিয়ে বাকি গ্রেট করা চিজ় ছড়িয়ে আরও ২ মিনিট ওভেনে রেখে দিন যাতে চিজ গলে যায়।

ব্যাস, আর কি! ঘরের অমলেটেই রেস্তোরাঁ স্টাইলের এই দারুণ ফিউশন খাবারগুলো প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

সারাবাংলা/এনএল/এএসজি