Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় দেয়ালচিত্রে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, পাশে বিতর্কিত পোস্টার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৬ নভেম্বর ২০২৬ ২২:১১

খুলনায় দেয়ালচিত্রে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি।

খুলনা: খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খুলনা রেলস্টেশনে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রের ছবিতে কালি লাগানোর ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বিষয়টি সবার নজরে আসে। এ ঘটনায় খুলনার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে দেয়ালচিত্র আঁকিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এসব দেয়ালচিত্রে স্থান পেয়েছেন দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালিতে ঢেকে দেওয়া হয়েছে। প্রতিকৃতিটির মাথার কাছে দুটি পোস্টার লাগানো রয়েছে। পোস্টারগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে বিভিন্ন বক্তব্য লেখা হয়েছে।
একটি পোস্টারে লেখা রয়েছে, তিতুমীরের বাংলায়, মুসলিম পূর্ব বাংলায় বিদেশির ঠাঁই নাই, ভারত বন্দনার ঠাঁই নাই। এসব বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, রবীন্দ্রনাথের প্রতি বিরূপ মনোভাব থেকেই প্রতিকৃতিটি বিকৃত করা হয়ে থাকতে পারে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ওই দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও কবি মাইকেল মধুসূদন দত্তসহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি রয়েছে।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনাকে তারা সমর্থন করেন না। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে সেখানে আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আঁকার উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর