ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সৌদি আরব।
আল জাজিরার খবরে বলা হয়েছে,হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে রোববার (৮ নভেম্বর) তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপনাস্ত্রগুলো ধ্বংস হয়েছে।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি রোববার ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে দুটি সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে নিক্ষেপ করা হয়েছিল।
পরবর্তীতে জোট বাহিনী জানিয়েছে, তারা রিয়াদ ও দক্ষিণাঞ্চলে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে।
এর আগে আল-মালিকি আরও জানান, হুতিরা সৌদি আরবের পূর্বাঞ্চলকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা প্রতিহত করা হয়েছে।
ইয়েমেনজুড়ে হুতি-যারা ‘আনসার আল্লাহ’ (আরবিতে যার অর্থ ‘ঈশ্বরের সমর্থক’) নামেও পরিচিত এবং সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই হামলাগুলো ঘটেছে।
সরকারি বাহিনী গত মাসে ‘ডন অব ইয়েমেন’ (ইয়েমেনের ভোর) নামে একটি অভিযান শুরু করে, যার লক্ষ্য হলো রাজধানী সানাসহ হুতিদের দখলে থাকা অঞ্চলগুলো পুনরুদ্ধার করা।
হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি শনিবার (৭ নভেম্বর) জানিয়েছেন, সানার কাছে আল-শারিয়া গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আট নারী ও ১৩ শিশুসহ মোট ৩৩ জন নিহত হয়েছেন।
এক্স-এ দেওয়া এক পোস্টে আল-আসবাহি জানিয়েছেন, শনিবারের হামলায় আরও অন্তত ৩৯ জন আহত হয়েছেন। সানার পূর্বে বানি হুশাইশ জেলায় অবস্থিত ওই গ্রামে চালানো এই হামলায় বাড়িঘর, রাস্তাঘাট, প্যারামেডিক (জরুরি চিকিৎসা সেবাকর্মী) এবং সিভিল ডিফেন্স দলগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
এই হামলার খবরের বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরাও স্বতন্ত্রভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।