ঢাকা: তুরস্কের পর্যটননগরী আনতালিয়ার এক্সপো সেন্টারে আজ সোমবার (৯ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ৩১। ভূমধ্যসাগরের কোলঘেঁষা এই ঐতিহাসিক শহরে আয়োজিত বৈশ্বিক জলবায়ু কূটনীতির সবচেয়ে বড় এই প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাত থেকে পৃথিবীকে রক্ষা, বিপন্ন মানবতার ভবিষ্যৎ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বিশ্ব নেতারা এবার একত্রিত হয়েছেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে এবারের সম্মেলনে বাংলাদেশের উপস্থিতি ও অবস্থান অত্যন্ত গুরুত্ব বহন করছে।
তুরস্ক সরকারের আমন্ত্রণে বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চ পর্যায়ের অধিবেশনে যোগ দিতে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা রওনা হবেন। বিকেলে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর কিছুক্ষণ ট্রানজিটে থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি ছোট প্রতিনিধিদল। আগামী ১২ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশ্ব জলবায়ু সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী দুই দিনে দুটি পৃথক সেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও সাইডলাইনে একাধিক বিশ্বনেতার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করার কথা রয়েছে তার। এর আগে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তুর্কি হাউসে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রথমবারের মতো সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সুসম্পর্কের ধারাবাহিকতায় এবার তুরস্ক সফরকালে এরদোয়ানের সঙ্গে এটি হবে তাদের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে অনুষ্ঠিত এবারের কপ৩১ সম্মেলনের মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে-২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ হ্রাস করা, ভবন নির্মাণ খাতে শক্তির ব্যবহার ২৫ শতাংশ কমানো এবং প্যারিস চুক্তির অধীনে উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ ও জলবায়ু অর্থায়ন বাড়ানো। ইউএনএফসিসিসির মিডিয়া উইং জানিয়েছে, আজ সম্মেলনের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল। আনতালিয়ার স্থানীয় সময় বেলা ১১টার দিকে এই ভাষণ শুরু হয়। এবারের কপ৩১-এর মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মুরাত কুরুম এবং উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করছেন ক্রিস বোয়েন।
এদিকে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন ঘিরে বাংলাদেশ ধরিত্রী রক্ষায় বৈশ্বিক অঙ্গীকার ও জলবায়ুর ন্যায্যতাকে জোরালোভাবে প্রাধান্য দিচ্ছে। সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ মানুষের জীবন-জীবিকাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। বাংলাদেশ এ সম্মেলনে ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। ভৌগোলিক ও পরিবেশগত কারণে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে থাকা বাংলাদেশের প্রধান দাবি ও প্রত্যাশার মধ্যে রয়েছে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড দ্রুত কার্যকর করা, ঋণ নয় বরং অনুদানভিত্তিক সহজলভ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং অভিযোজন ফান্ডের বরাদ্দ দ্বিগুণ করা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানান, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরের মতামতের ভিত্তিতে বাংলাদেশের একটি শক্তিশালী অবস্থানপত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদল এলডিসি, জি৭৭ এবং সমমনা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
সম্মেলনস্থলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০০ বর্গমিটারের একটি মূল প্যাভিলিয়ন এবং আলাদা একটি জুট প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে, যা বাংলাদেশের অভিযোজন অভিজ্ঞতা ও জলবায়ু-সংক্রান্ত উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দল কপ৩১ সম্মেলনে উন্নত দেশগুলোকে কার্বন নির্গমন কমানোর নির্দিষ্ট রোডম্যাপ বাস্তবায়নে বাধ্য করা এবং জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার ওপর বলিষ্ঠ ভূমিকা রাখবে।