Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ১৪:১৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬ ১৬:৪৩

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা কখনোই বাংলাদেশে ফিরবেন না। তার দেওয়া বক্তব্যগুলোও ভিত্তিহীন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা এখন যা করছেন, সবই স্ট্যান্টবাজি। তিনি কখনোই দেশে ফিরবেন না। তার দেওয়া বক্তব্যের কোনো ভিত্তি নেই। এসব কর্মকাণ্ড রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া কিছু নয়।’

বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য যে ধরনের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন, সে অনুযায়ী কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’

এদিকে, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনার আইনজীবীরা। রয়টার্স চিঠিটি দেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দূতাবাসে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের পর অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর