ঢাকা: শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই অধিবেশনের বৈঠক শুরু হয়।
অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য বসা এই অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এই অধিবেশনের সূচনা বক্তব্যে স্পিকার সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি, দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জনগণের প্রত্যাশার বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন
স্পিকার বলেন, জাতীয় সংসদ হলো জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশি ইতিহাসে গণতন্ত্র ও ভোটার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল উল্লেখ করে তিনি জানান যে, এ দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন তারা। দীর্ঘ ১৭ বছর স্বৈরনির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে স্বৈরাচাররা এদেশের গণতন্ত্রকে ভুলণ্ঠিত করেছিল। তবে ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এ দেশে পুনর্বার গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয় এবং গণতন্ত্র ছাড়া একটি দেশে প্রকৃত উন্নয়ন অসম্ভব।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতি জনগণের প্রত্যাশা অত্যন্ত ব্যাপক উল্লেখ করে স্পিকার বলেন, জনগণের আয়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এ সংসদের অন্যতম প্রধান দায়িত্ব। সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো খোলা আলোচনা, যুক্তি ও পারস্পরিক শ্রদ্ধা এবং দায়িত্বশীল মত প্রকাশ।
সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। আমাদের এই স্বাধীনতা অর্জনের ইতিহাস আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবোজ্জ্বল অধ্যায়। এই ইতিহাস আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান বাংলাদেশী ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত এই গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।
সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্ন পথের সহাবস্থান উল্লেখ করে তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া আমাদের সবার কর্তব্য। আমরা আশা করি যে সংসদের প্রতিটি কার্যক্রমে আমরা সংসদীয় রীতিনীতি, শালীনতা বা পারস্পরিক শ্রদ্ধার পরিচয় দেব এবং জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করব।
স্পিকার বলেন, আল্লাহ যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি, স্বস্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার শক্তি ও প্রজ্ঞা দান করেন। এই প্রত্যাশা ও শুভকামনা ব্যক্ত করেই ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ এই অধিবেশনের সূচনা করা হয়।