Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎এনআইডি সেবা সহজ করতে অংশীজনদের পরামর্শ চায় ইসি ‎

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ১৬:৩১

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

‎ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার মানোন্নয়ন ও সেবা সহজ করার লক্ষ্যে অংশীজনের পরামর্শ নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

‎‎সোমবার (৯ নভেম্বর) ইসি এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।
‎
‎জানা গেছে, অংশীজনদের নিয়ে একটি বিশেষ কর্মশালা আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎আগামী ১৮ নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম-বর্তমান ও উত্তরণ’ শীর্ষক এই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। পাশাপাশি কমিশনের অন্যান্য সদস্য ও ইসি কর্মকর্তারাও এতে অংশ নেবেন।
‎
‎কর্মশালায় বিভিন্ন মহলের মতামত ও পরামর্শ গ্রহণের জন্য শিক্ষক, সমাজকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
‎
‎ইসি সূত্রে জানা যায়, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন এবং এই বিশাল জনগোষ্ঠী বিভিন্ন সময়ে নানা তথ্য সংশোধনের জন্য ইসির দ্বারস্থ হন। বর্তমানে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) বা কর্মপদ্ধতির নিয়ম অনুযায়ী ক, ক-১, খ, খ-১, গ ও ঘ, এই ছয়টি ক্যাটাগরিতে এনআইডি সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তি করা হয়ে থাকে।
‎
‎আবেদনের জটিলতার ওপর ভিত্তি করে এই ক্যাটাগরিগুলো নির্ধারিত হয় এবং আবেদন জমা পড়ার পর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ক্যাটাগরি নির্ধারণের দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/সারাবাংলা