নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতের জন্য রাখা ট্রেনের কোচ থেকে আস্ত জানালা চুরির অভিযোগে এক অস্থায়ী শ্রমিককে আটক করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে কারখানার ক্যারেজ শপে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. শাহান মণ্ডল (৩২) নামের ওই শ্রমিককে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আটক শাহান মণ্ডল সৈয়দপুর শহরের গোলাহাট রেলওয়ে কলোনির ৯৯২ নম্বর কোয়ার্টারের বাসিন্দা। তিনি মৃত শহিদুল ইসলাম মণ্ডলের ছেলে। কারখানায় টিএলআর (অস্থায়ী কর্মচারী) হিসেবে কর্মরত তিনি। পরিবারের দাবি, মাদকাসক্তির কারণে তিনি চুরির ঘটনা ঘটিয়েছেন।
কারখানা সূত্রে জানা যায়, মেরামতের জন্য আসা বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের কোচ থেকে প্রায়ই যন্ত্রাংশ ও প্রয়োজনীয় সামগ্রী চুরির ঘটনা ঘটছিল। তবে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যাচ্ছিল না। এ পরিস্থিতিতে প্রায় এক মাস আগে আরএনবি সাদাপোশাকে তদন্ত শুরু করে এবং গোপন ক্যামেরা স্থাপন করে। এরই ধারাবাহিকতায় ক্যারেজ শপে রাখা ১৮টি কোচের র্যাকে স্থাপিত ক্যামেরার ফুটেজে জানালা চুরির ঘটনা ধরা পড়ে। ফুটেজ পর্যালোচনার পর শাহান মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির কথা স্বীকার করেন। পরে তাকে আটক করে মামলা করা হয়।
সৈয়দপুর রেলওয়ে কারখানার নিরাপত্তা বাহিনীর কমান্ডার মোখলেছুর রহমান সরকার ববি বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা যায়, শাহান মণ্ডল আস্ত জানালা খুলে নিয়ে ক্যারেজ শপের সঙ্গেই রেলওয়ে স্টোর শপের দেওয়ালের ওপর দিয়ে নিক্ষেপ করে সেতু কারখানার সামনের পুকুরে ফেলেছে। জিজ্ঞেসাবাদের সময় তিনি এসব স্বীকার করেছেন। এর প্রেক্ষিতেই তাকে আটক করে মামলা দেওয়া হয়েছে। কারখানার নিরাপত্তা রক্ষা তথা চুরির ঘটনা রোধে আমরা সক্রিয় আছি।’
এর আগে গত ১১ অক্টোবর রেলপথমন্ত্রীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনের আগের দিন চুরির মালামালসহ এক স্থায়ী কর্মচারীকে আটক করে আরএনবি। বেলাল হোসেন নামের ওই কর্মচারী কারখানার পেইন্ট শপে কর্মরত। তার স্বীকারোক্তি অনুযায়ী, চুরির সঙ্গে জড়িত ছিলেন জিওএইচ শপের কর্মচারী মাজেদুল ইসলামও। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
একই ধরনের চুরির ঘটনায় স্থায়ী ও অস্থায়ী কর্মচারীদের বিরুদ্ধে ভিন্ন ব্যবস্থা নেওয়ায় কারখানার কর্মীদের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। স্থায়ী কর্মচারীদের পুলিশের হাতে না দিয়ে সাময়িক বরখাস্ত করা হলেও অস্থায়ী কর্মচারীর বিরুদ্ধে সরাসরি মামলা করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ছাড়া চুরির সঙ্গে আরএনবির সদস্যদের কেউ জড়িত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সচেতন মহলের কেউ কেউ বলছে, আরএনবির সহায়তা ছাড়া ট্রেন থেকে জানালার মতো বড়ো সরঞ্জাম খুলে কারখানার বাইরে পাচার করা কঠিন। এ বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, ‘আমি আসার পর থেকে কারখানার চুরির বিষয়টি গুরুত্বসহকারে দেখেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। তাই বেশ কয়েকটি চুরির ঘটনায় কয়েকজনকে আটক করে বরখাস্ত করা ও মামলা দিয়ে কারগারে পাঠানো হয়েছে। এখন তেমন চুরির ঘটনা নেই। তবে মাঝেমধ্যে দু’একজন আটক হচ্ছেন। আশা করি আরএনবি সদস্যরা আরও সক্রিয় হলে আর চুরি হবে না।’
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, কারখানায় চুরির ঘটনায় আরএনবি এক অস্থায়ী কর্মচারীকে আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আরএনবির নায়েক শায়েখ সিরাজ বাদী হয়ে মামলা করছেন। মামলার কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন।’