চবি: সারাদেশে নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।
সোমবার (৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। পরে সোহরাওয়ার্দী মোড়, এ এফ রহমান হল ও আলাওল হল প্রদক্ষিণ করে ২ নম্বর গেটে গিয়ে শেষ হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ’, ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘আপা আপা করিস না, পিঠের চামড়া থাকবে না’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, জনগণের ম্যান্ডেটে গঠিত সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে ছাত্রদল তা মোকাবিলা করবে। এ জন্য সংগঠন প্রস্তুত রয়েছে। দেশের শান্তিপূর্ণ পরিবেশ কোনো অবস্থাতেই বিনষ্ট হতে দেওয়া হবে না।
তিনি অভিযোগ করে বলেন, কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর আশ্রয়-প্রশ্রয়ে ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি আয়োজনের চেষ্টা চলছে। বিগত ১৭ বছরে ক্যাম্পাসে সংঘটিত নৈরাজ্য ও অন্যায়-অত্যাচারের মাশুল সংশ্লিষ্টদের দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিক্ষোভ সমাবেশে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।