Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান যুদ্ধ ‘কার্যত শেষ’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৬ ১১:২৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১৩:২৯

ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি।

ওয়াশিংটন ডিসিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লড়াই কার্যত শেষ হয়ে এসেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) এক আকস্মিক ব্রিফিংয়ে ট্রাম্প এ কথা বলেন।

ব্রিফিংয়ে তিনি পুনরায় দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তি ধ্বংস করে দিয়েছে। তবে তার মন্তব্য থেকে বোঝা যায়, শত্রুতা অবসানের জন্য তিনি মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছ থেকে চাপের মুখে রয়েছেন।

ট্রাম্প বলেন, ‘সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ হয়ে গেছে। আমরা কেবল বর্তমান অবস্থাকে (স্ট্যাটাস কু) বজায় রেখেছি, আর তা করছি মূলত তাদের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই।’

বিজ্ঞাপন

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর তিনি এসব মন্তব্য করেন। কাতারের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই অগ্রগতির প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেছি। একটি চুক্তিতে পৌঁছানো এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য আমি কৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি খুব একটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না, তবে আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি-পরিস্থিতি পরিবর্তনের মতো কোনো কারণ দেখা দিলে আমরা পদক্ষেপ নিতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য এখন ইরানের বিপদ ও হুমকি থেকে সুরক্ষিত। আমরা দেখতে পাচ্ছি যে এই সংঘাত অবসানের দিকে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয়, খুব শীঘ্রই এর সমাপ্তি ঘটবে।’

তবে ট্রাম্প স্বীকার করেছেন, এই ‘বর্তমান অবস্থা’ বজায় রাখার অর্থ হলো-ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত রাখা। এর পাশাপাশি রয়েছে সদ্য ঘোষিত ‘টাস্ক ফোর্স আয়রন গেট’, যার লক্ষ্য হলো স্থলপথ এবং কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানের বাণিজ্য পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্যান্য দেশ চায় বর্তমান অবস্থাই বজায় থাকুক-অর্থাৎ সবকিছু যেমন আছে তেমনই থাকুক। অন্য কথায়, আমাদের দেশের ইতিহাসে-সম্ভবত বিশ্ব ইতিহাসেই-সবচেয়ে বড় নৌ-অবরোধটি অব্যাহত থাকুক।’

ট্রাম্প তার ব্রিফিংয়ে আরও ইঙ্গিত দিয়েছেন যে, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও লড়াইয়ে জড়িয়ে পড়তে প্রস্তুত রয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই লিখেছেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ এরই মধ্যে মার্কিন সরকারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। কিন্তু ওয়াশিংটন যেন এক মরিয়া জুয়াড়ির মতো দিশেহারা হয়ে আচরণ করছে।’

তিনি আরও লিখেছেন, ‘খেলা এখানেই থামান। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন।’

এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমান পরিস্থিতির অবসানের আহ্বান জানিয়েছেন। খামেনি এই পরিস্থিতিকে এমন এক অবস্থা হিসেবে বর্ণনা করেছেন, যা ‘যুদ্ধও নয়, আবার শান্তিও নয়’।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানিয়েছেন ইরান আরও আলোচনার জন্য প্রস্তুত, তবে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেন, ‘আমরা শক্তি প্রয়োগ বা ভয় দেখানোর কাছে আত্মসমর্পণ করব না।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এই সংঘাত পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পরপরই ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেয়। উল্লেখ্য, তেল, গ্যাস, সারসহ বিভিন্ন পণ্য পরিবহনের জন্য এই জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোতে যেমন কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলার অনেকগুলোই ছিল মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে।

পাশাপাশি আরও কিছু সংঘাতও মাথাচাড়া দিয়ে উঠেছে। সৌদি আরব ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াই নতুন করে শুরু করেছে। ইসরায়েল দক্ষিণ লেবাননে দখলদারিত্ব শুরুর পাশাপাশি প্রাণঘাতী বিমান হামলা চালাচ্ছে।

যুদ্ধ শুরুর প্রায় নয় মাস পার হতে চললেও, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণ এখন অনেকটা অনিয়মিত হয়ে পড়েছে। মাঝে মাঝে কেবল উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর