Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাকরি পেলেন আমিনুল ইসলাম

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১৬:১৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১৬:১৫

বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল যুক্ত হলেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এই সভাপতি।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে আমিনুলের নিয়োগের বিষয়টি জানিয়েছে লাহোর কালান্দার্স। তাঁর দায়িত্ব হবে ফ্র্যাঞ্চাইজিটির হাই-পারফরম্যান্স কার্যক্রমের উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বাড়ানো, কোচিং পদ্ধতির মানোন্নয়ন এবং প্রতিভাবান তরুণদের ক্রিকেটে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরিতে পরামর্শ দেওয়া।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকায় আমিনুরকে এই দায়িত্বে বেছে নেওয়া হয়েছে।

খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেটের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে যুক্ত হন আমিনুল। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন। এশিয়ার বিভিন্ন দেশে ক্রিকেটের প্রসার, কোচিং কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তাঁর অভিজ্ঞতা রয়েছে।

২০২৫ সালের মে মাসে বিসিবি সভাপতি নির্বাচিত হন আমিনুল। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন আমিনুল। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেন। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হওয়ার পাশাপাশি অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ক্রিকেটারদের বিরল তালিকায় জায়গা করে নেন বুলবুল।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর