ঢাকা: কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছে বসুমতি এগ্রোর স্বর্ণভূমি। সেইসঙ্গে প্রকল্পটিতে সাধারণ মানুষের জন্য শেয়ার মালিকানার সুযোগ উন্মুক্ত করা হয়েছে। কৃষি, প্রাণিসম্পদ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষকের উন্নয়ন ও সমাজকল্যাণকে এক পরিকল্পনার আওতায় এনে একটি টেকসই কৃষিভিত্তিক ব্যবসায়িক ইকোসিস্টেম গড়ে তোলাই স্বর্ণভূমির লক্ষ্য।
মঙ্গলবার (১০ নভেম্বর) সমন্বিত এই কৃষিভিত্তিক কর্মযজ্ঞের উন্মোচন হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই প্রকল্পের অধীনে চারটি পৃথক উদ্যোগকে একটি সমন্বিত ব্যবসায়িক কাঠামোর আওতায় আনা হয়েছে। এর মধ্যে পশুসম্পদ গবেষণা, প্রজনন ও বিপণন কেন্দ্র; বীজ গবেষণা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র; বিলাসবহুল রিসোর্ট এবং ইসলামিক ফাউন্ডেশন ও কৃষিভিত্তিক সমাজকল্যাণ কেন্দ্র রয়েছে।ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হড়রাতে প্রায় ৬৫ বিঘা জমির ওপর গড়ে উঠবে স্বর্ণভূমি। প্রকল্পের প্রথম পর্যায়ে ইতোমধ্যে ১৫ বিঘা জমি কিনেছে বসুমতি এগ্রো, যেখানে একটি রিসোর্টও রয়েছে। ফলে জমি অধিগ্রহণের মধ্য দিয়ে প্রকল্পটির বাস্তব কার্যক্রম শুরু হয়েছে।
স্বর্ণভূমিতে শরিয়াহসম্মত মুশারাকা অংশীদারিত্ব মডেলে সাধারণ মানুষের বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। চুক্তি অনুযায়ী অংশীদারদের জমির আইনগত মালিকানা সাব-কবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে নিশ্চিত করা হবে। পাশাপাশি, কৃষি ও খামারভিত্তিক ব্যবসা থেকে অর্জিত মুনাফা চুক্তির শর্ত অনুযায়ী বণ্টন করা হবে। শেয়ারহোল্ডাররা খামারের দুধ ও ফল কেনায় বিশেষ ছাড়ের পাশাপাশি রিসোর্টের বিভিন্ন সুবিধাও উপভোগ করতে পারবেন।
উদ্বোধন উপলক্ষ্যে বসুমতি গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন বলেন, স্বর্ণভূমি কেবল একটি ব্যবসায়িক প্রকল্প নয়; এটি টেকসই কৃষি, সম্মিলিত সমৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধের সমন্বিত উদ্যোগ। স্বচ্ছতা, জমির বাস্তব মালিকানা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে অংশীদারদের পাশাপাশি বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।